
দেবশ্রী দে-র কবিতা
১\ কমললোচনে
তুমি কি জেনেছ সেই চাওয়াটিকে কেউ কেন চায়
সংসারী-সর্বনামে সাজিয়েছ সুখ
প্রেম নয় প্রেম নয় কিছু
রোজকার ডটকম-এ তুমি তার বাঁচার উপায়
চাও যদি নিজটুকু, আশা নেই
জানে সব জানে তাই
ফেলা খেলা সহজে কেমন
চুপ
চুপ
চুপ
তুমি-টি সরব হলে চোখদু’টি বিষবৎ লাগে
২\ একটি বৈবাহিক বিবৃতি
দুধজলে কে কার পিছনে…
ঠোঁট থেকে ঠোঁটে ঢুকে পড়ছে কথা
কে কাকে হারাবে
হংসমিথুন দেখে হাততালি দিচ্ছে মেয়েরা
কারও চোখে সুখ
কারও মুখে আদর-আঁচড়
নতুন বর বদলে নিচ্ছে আংটির আঙুল
ফাঁকে ফাঁকে জমা হচ্ছে ক্ষোভ
ফেলে আসা প্রেম
ফাঁকে ফাঁকে জমা হচ্ছে পরকীয়া-লোভ
—

