
সৌভিক বসুর কবিতা
যিশু
উড়ন্ত মেঘের মতো
খোলা দুটি হাত
একটিতে সূর্য
আর অন্যটিতে
দীর্ঘ কালো রাত….
কাহিনী
অবান্তর বসে বসে শুনেছি গাছ হওয়া যায়। শরীরেও কিছু কিছু বদল হতে থাকে, শিকড় জড়িয়ে আরও কতো শিকড়ের জন্ম হয় তারপর গজিয়ে ওঠে পাতা। এইসব খোলা মাঠ আর জলের উপরে গাছেদের পরিবার যেভাবে এলিয়ে রয়েছে, আমি শুধু তাদের কথা ভাবি।
আমাকে অবশ করে রাখে অদৃশ্য গল্পকার, গাছেদের জীবনকাহিনী
মূর্তি
যে মুখ ভেবেছি আর দেখব না কোনোদিন সেই এসে আমাকে ডেকে দিলো। দেখি, শরীরে ভোরের আলো ছড়িয়ে পড়েছে যেন কুয়াশার ফুল। তাকে শিশুর মতো একপাশে রেখে উঠে বসি। এটা কি স্বপ্ন ছিল, নাকি কোনো অলৌকিক ঘটনা? আমি যাকে দেখব না কোনোদিন, দেখতে চাইনা তারই গন্ধ কেন রয়েছে এ’ঘরে?
কুয়াশার ফুলগুলি দু’হাতে জড়ো করে ঘুমের উপরে ছিটিয়ে দিই। এইসব পাপ আর নরকের থেকে বেরিয়ে আসার অন্য কোনো উপায় তুমি কি জানো?

