
অর্ণব চৌধুরীর কবিতা
তবে সে কে
তোমাকে পাইনি খুঁজে— মেঘে ঢাকা দৃশ্যের ভিতর কেউ যেন যাওয়া-আসা করে। তুমি নও? তবে সে কে…উড়ে উড়ে ঘুরছে এখানে! বাহিরের পথ ধরি— আধুনিক খাঁচার শহর। বহু বহুদূরে পাহাড়ের দেশ। সকাল অসার হয়ে আসে এই সমতলে। কোথা থেকে ঢেউ ওঠে, কোথায় যে ভেঙে, মিশে যায় স্রোতে! বুদ্ধের চোখের মতো এইখানে দিন, এইসব ভেবে কেটে যায়। কৌতূহলে সাড়া দেয় শুধুমাত্র ঝাউবন। তবু তুমি আছ — ভোর হয়, সূর্য ওঠে গাছের কোটরে
সকাল ৭.১৫, বিধাননগর

