
ধীমান ব্রহ্মচারীর কবিতা
দুটি কবিতা
সংহতি যাপন
১.
সংহতি যাপন সেরে আমরা বেছে নিয়েছি উল্লাস
বিষণ্ন বিকেল আর আমাদের অদূরে বিলীন বিলাস
সবটুকুই মূহ্যমান হয়ে ওঠে নাতিশীতোষ্ণ উষ্ণতায়,
বোবা টানেল, শহরের কোলাহল আর কোনো বায়বীয়
উদযাপন আমাদের দিয়েছে মলিন স্পর্শ…
অপাংক্তেয় কোনো কবিতার একটি লাইন, এক বিরাট
সম্ভাবনাময় ইতিহাসের সূচক নির্ণয় করে দিয়েছে কৌণিক দূরত্ব মেপে…
সাংসারিক ৭
কেন এতো কথা?
কেন এতো শোক?
কেন এতো বিন্যাস পর্ব ?
কেন এতো বেআব্রু মন তোমার আমার সংসারে?
এই যে হাত
তোমার আমার নিঃশব্দ শর্ত
আর শূন্যতার নির্জনতা কেড়ে নেয় পৈশাচিক বৈভব,
এই যে মাটি
বিস্তীর্ণ সংসার জুড়ে মিশে তোমার আমার বাসর শয্যায়
এই তো পথ
তোমার আমার পরিকল্পিত পরিচয়ে
এই তো মন
তোমার আমার
অনাহুত জীবন পরিক্রমায়
মাটি উপড়ে বিদীর্ণ হয়েছে কোন এক ভলক্যানো।

