
অনুভা নাথ- এর কবিতা
অব্যক্ত
না বলা কথাদের ঘরে উসকে ওঠে স্মৃতির মেয়াদ
শব্দের সোপান বেয়ে নামতে থাকে
বর্ণমালার যাপন ঢেউ
উৎসের চোখ ঢেকে যায় মনের মিছিলে।
ঘরের দেওয়াল মেখে ছড়ানো টুকরো ঘর…
সেই সব ঘর জুড়ে শব্দের বসত
না বলা শব্দ, অ-বলা শব্দ
আবার…
শুধুই নীরবতায় মোড়ানো শব্দ।
কথাদের ঘর তো এমনই হয়!
শ্রুতির স্রোতে টুকরো যাপন ভেসে যায়-
দরজার আগল ছাপিয়েও মৌনই রয় শুধু
কথা লেখা হয়ে থাকে হৃদয়ে আর স্মৃতিতে।
আর একটা ভোর
নদীটার কোল জুড়ে সৃষ্টি হয়
আলোর বলয়।
ঠিক যেন বিকেলের আড়-ঘুম ভাঙছে
রাতের ছায়া।
শিশিরের ডাকনাম অনাবিল হয় রাতকাটা আলোয়।
ভোর যেন নিষ্পাপ শিশু,নিটোল মুখ-
চোখের পলকের মতো পেলব
নারীর নাভির মতো গহীন…
আর, হাওয়ার মতো নরম।
ফুলের রঙ আর সৌরভ যেভাবে আসে
যেভাবে পাখি গান জানে
পাতাদের দূরত্ব যেমন কঠিন জ্যামিতি জানে।
তেমনই ভোরের স্মিত সুর ডেকে আনে
আলোর আবেশ।
ফুলে আর ভোর শুধু জানে
কেমন করে জীবনের মতো
ফুটতে হয়।

