
পৌষালী চক্রবর্তীর কবিতা
উলুপী
সে এক জলের দুহিতা
মহাকাব্য লেখেনি তার নদীভাগ্য কথা
স্তনবৃন্তে তিতা ঢেলে
ছেড়ে গেছে সাময়িক শস্যস্রোতে মাতৃধারা জলভারানত
পিতৃবোধি ঘিরে তার নদীগর্ভে বৈধব্যের সকরুণ হাড়
অনঙ্গ তির গাঁথে গঙ্গাদ্বারে
প্রতিস্পর্ধী গান্ডীবে, গান্ডীবে
সঁপে দেয় কামনার নাগিনী কুসুম
রক্তস্রোতে লোহিত শ্বেত , পাশাপাশি মিশে আছে লবণাক্ত ধারা
সেই নুন ছিটকে লাগে পিতৃনাদী যুদ্ধস্রাবে
নির্ধারিত দু’আধখানি পাতা
উগরোচ্ছে কুর্চীমালা অখণ্ড মণ্ডলে
এক মাতৃকার শোকে
ইরাবান আত্মঘাতী পুনর্ভবা দেশে
**********
মাথুর
তোমার মাধুর্য এই…
লেগে আছে বাদর নিঃশ্বাসে
মেঘময়ী বিকেল এক শ্রাবণ ভেজানো
আমাকে এখন যদি ডাকো
পুরোনো শালুক দীঘির পাশে
ক্ষমাহীন হাত রাখ জ্বরের ললাটে
ধীরে ধীরে দিয়ে দেব বিরতি, বিরহ…
***********

