
ঈশিতা ভাদুড়ীর কবিতা
অন্ধকারে আরও
ছিল যা অন্ধকার, তার চেয়েও বেশি
অন্ধকারে ঢুকে পড়ছি আমরা
প্রতিদিন প্রত্যহ।
কোনও গুপ্ত সাংকেতিক ইশারাতে
বা প্রবল স্লোগানেও
আমরা পারিনি তমসা ভেঙে
আলো নিয়ে আসতে।
আমরা পারিনি অন্ধকার সাঁতরে
কোনও আলোকিত তরঙ্গ এনে দিতে।
আমরা আলোর বদলে
অন্ধকারে ঢুকে যাচ্ছি আরও।
প্রতিদিন প্রত্যহ।
তিলোত্তমাদের কথা
বুকে পাথর। শোক নেই আর।
দু:খ করে হবেটা কী ছাই!
মেয়েগুলো তো এভাবেই যাবে
একের পর এক।
রক্তে ভেসে যাবে পথ,
দুচোখ ফেটে বেরোবে অশ্রু,
ছেড়াখোঁড়া যোনি পড়ে থাকবে
টুকরো টুকরো, আর,
ছুরিকাঘাতে ক্ষত-বিক্ষত বাকি অংশ।
মানুষেরা রাস্তার দু’ধারে দাঁড়িয়ে
মোমবাতি জ্বালাবে,
মুঠিহাত আবেগে ভাসবে জনগণ,
আর, চিৎকারে কাঁপবে আকাশ,
ক্ষোভে ফেটে যাবে বুক…
কিছুদিন পরে আবার কোনও ধানক্ষেতে
অথবা উড়ালপুলের নিচে
ছিঁড়ে যাবে ডানা অন্য কোনও পাখির।
আবার অনাম্নী হবে কেউ,
নতুন নামকরণে ‘তিলোত্তমা’।

