
রুমেলা দাশগুপ্ত-র কবিতা
নতুন কবিতা
এমন নাছোড় মোহ মেরেছে আমায়
সাজানো তেমন নয় অক্ষরসমূহ
তবু রোজ তার কাছে আসি
কিছু কি লুকোনো থাকে ভিতরে ভিতরে
খুঁজি তন্নতন্ন
খুঁজে মন হয়রান, শেষে
ত্রস্ত মুখ লুকিয়েছি, তোমার বাহুতে
কী কথা ঢেলেছ এত শরীরে তোমার
দূর থেকে জিভ লক লক করে ওঠে
এত সুধা, এত ঝড়, নিবারণ কোনোখানে নেই
তুমি দূর হয়ে থাকো,দূরের কবিতা পড়া হলে
এই দেহে, এই মনে নতুন কবিতা লিখে রাখো।
মথিত
বিষধর গৃহসাপ তুলেছে এবার তার ফণা,
ছড়িয়েছে বিষ
আকাচা কাপড়ে জল পড়েছে যখন
ফেনা শুদ্ধু উগলেছে
অপয়া জীবন
কী চেয়েছে এই এত দ্বিধা
গৃহপালিত যেমন, মেনেছে নিয়ম সব
ভুল হয়নি কোনো আয়োজনই
ভেসে গেছে কালো বিষে এ পাড়া ও পাড়া
বিষণ্ন কুটোনো নীল ঘাড়ের নিচেই
মনে মনে চেয়েছিল কিছু, তাই মেঘ করে আসে
আদরে আদরে সেতু বদলেছে রঙ
তোমাকে ভাসাব স্রোতে, সিদ্ধান্ত কঠোর
বিষাক্ত জলের নীচে মিশে যাবে তুমি,
গাঢ় জলে দেহ, ঘন ঘন বিষ ওঠে
মন্থনে মন্থনে
ভেসে যাই আমি।
স্বীকারোক্তি
কেন তবে মাখিয়েছ এত রঙ
ফেটে চৌচির হয়ে মিলিয়ে গিয়েছে
হন্যে হয়ে খুঁজেছি হাতের ছাপ
ঘুম আসেনি সকালে দুপুরে রাতে
তুমি কি সত্যিই ছুঁয়েছ আমায়
কোন পরিযায়ী বিকেলের শাড়িতে জড়িয়ে
দাঁড়িয়েছি তোমার চোখের আগে
কী অন্যায় ঘটে গেছে সব
তুমি জানতে পারো নি
কত জল, কত শোক, কত কোটি কোটি স্নেহবিন্দু
তিল তিল করে জড়ো করে রাখা
বিরহ সম্বলিত জ্যোৎস্না
তোমাকে না দেখার ছলে পেরিয়ে গিয়েছি যেই
পানশালা, গৈরিক সাজ
ততোধিক শক্তিতে টেনেছ
কী আকর্ষণে
শূন্য হয়ে গেছে দেহ, আয়ু
এলোমেলো পড়ে থাকে ছাদে, বিকলাঙ্গ
পরাজিত আমি, নাও তবে এই হার, এই সন্দেহ!
মাধবীলতা খামে
তোমার সঙ্গে অনন্ত মেঘে বাস
তুমি যা যা রেখে গেছ
দিয়েছ অধিকার তোমার বিষয়ে
সেইসব মনোযোগ আমি
মিশিয়ে দিয়েছি বিচ্ছেদের ঘ্রাণে
তাই এখনও মনে হয়, ছুঁয়ে আছি তোমাকেই
তুমি যে কথা ফিরিয়ে নিয়েছ
সেও ফিরে যাবে কি না ভেবে
রয়েছে মাধবীলতা খামে
যেখানেই দেখি সে ডালের নুইয়ে পড়া
ভাবি, অবোধ আদরে টেনে নিয়েছ আমাকেই
এভাবেই থেকে যাই
আরো কিছুটা, জারিজুরি থেকে দূরে
অনায়াস তোমার সাহসে,
আরো কিছুক্ষণ
থেকে যাই যদি,
কতখানি আসে যায়, কতখানি ক্ষতি!

