
হুতোম / শুদ্ধেন্দু চক্রবর্তী
ক্রমশ সহনশীল হচ্ছে পাথরের বন্ধনীগুলি
অন্ধকারে আলো আর ভিতরে আসতে পারে না আজ
আলোআঁধারির সভায় আমিও মৌতাত খুঁজি
দু’ কথা মনের থেকে খনন করে ভাগ করে নেব।
সমুদ্রপৃষ্ঠে এই গুহাগুলো ওদের চোখ এড়িয়ে গিয়েছে।
এখানে এখনও তাই প্রাচীন আঙুলের ছাপে বেঁচে থাকে লিপি
ধীরে ধীরে নিয়তির ছোঁয়া নিয়ে বৃদ্ধা হলেন জননী
আমাদের গুহার ভিতর বার্তালাপের ভাষা শোনা যায়?
বিষণ্ণ সর্ষেক্ষেতে জ্বলে উঠেছে অজস্র প্রদীপ
যেন একা সমাধিমন্দিরে এসে দাঁড়িয়ে রয়েছি আমি
নিভন্ত প্রদীপের শিখা হয়ে হারিয়ে গিয়েছে গান যতো
হুতোম হয়ে বসে আছি, খেঁজুড়ের রস আর গুহাচিত্র ভাগ করে নেব বলে…

