
পাহাড় স্বপ্নে আসে / সবর্ণা চট্টোপাধ্যায়
আজকাল পাহাড় আসে,
ছোটবেলায় সমুদ্র যেমন—
ডাকে, শুধু ডাকে—
ঝগড়া হত দাদুর সাথে,
পাহাড় না সমুদ্র, আগে?
এখন শুধুই বুনো ঘ্রাণ
অপূর্ব কারুকাজে ফার্ণ
চাঁদমালার মতো ঝোলে।
লুকিয়ে লুকিয়ে বয়ে যাওয়া কত ঝোরায়
ধুয়ে যায় অ-সুখ।
পাখিরা, ডানা ছড়ায়, মুখে।
সমুদ্র রাগ করে না আর।
সেসব বালিমাখা অসমাপ্ত ভোর
টানতে বল লাগে বড় বেশি।
বরফে ওড়না এসে পড়ে কাঞ্চনজঙ্ঘার বুকে
কেঁপে উঠি নতুন আলোয়–
শুনতে পাই, ‘জীবন ও মরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে…’

