
ধৃতিরূপা দাস -এর কবিতা
ইহ শ্রমিকজন্ম…
১
কী কথাটা যেন
ভাসিয়ে ঘরের বাতাস উতলা
করে দিয়ে চলে গেছ হাসি পিসি…
কাল কি আসবে?
কথা কি পাল্টা
দাঁতে আহ্লাদে
কামড়ে ধরবে
বাতাসের পেশি?
কী কথা… কী কথা…
মনে কি পড়বে
আমাদের ইহ গর্ভজন্মে?
২
কোন হাতা দিয়ে কী তুলতে হয় —
বুকে জানবার জন্য তোমাকে
আরও বহুবার জন্মাতে হবে।
ছড়ানো হাতার থাবায় মাংস
পেট বুঝে পাতে তুলে তুলে দেয়া…
তোমার ডালের হাতা কি ততটা
শিকারী লালন মর্মে বুঝবে —
এক জন্মের রান্নাঘরেই ?
সম্ভব নয়।
ফলত তোমার বেছে নেয়া যত
ভুলভাল হাতা বদলে বদলে
কাটবে আমার
জেনে, ফেলে, পেকে, পচে, ফুলে, ঢোল
ইহজন্মেরা

