
রুমেলা দাশগুপ্ত-র কবিতা
প্রতিরোধ
খুব বেশি ধসে যায়নি, মেয়ে
সামলে নে এখনি
পাড়, জমি
আরো যা যা রেখেছিস, রোদ্দুরে বিছিয়ে
চওড়া নথ মানিয়েছে তোকে
ঢেকে রাখ চাপা হাসি তোর
এখনই সামলে নে
কতখানি ক্ষতি আর হতে বাকি আছে-
এই মেঘে চেয়ে থাকা ভালো নয়,
মনে মনে পার হয়ে আয়
দেখাশোনা উৎরোল বাঁশি,
ও তান শুনিস না রে তুই
ফুরিয়েছে সেই দিন, রোদের বেসাতি
এখন ভিতর ফাঁকা লাগে
সারাদিন হুহু হাওয়া বয়
বুকের ফাটল বেয়ে ঢুকে পড়ে বেগে
কী যে এত নিয়ে যায় সাথে,
এত পাখি, এত গান, মেলা
নিয়ে যায় সব!
পাড় ভাঙে, হাবুডুবু বুকের ভিতর
সামলে নে রে বুকের বাঁধন
এখনো ধসেনি
খুব বেশি ধসে যায়নি, মেয়ে।
নৈকট্য
বিকেলে প্রণামী বাক্সে কিছু দেব ভেবে
চাতালের আরো একটু কাছে এসে বসি
মাঠের এ পারে আলো নেভেনি তখনো
তুমি দিনমান একা বসেছ পিঁড়িতে
কথা নেই চাওয়া নেই কেবল গ্রহণ
দানপাত্রে অবিরাম পতনের শব্দ
আমি উঠে আসি ভ্রমে, তোমাকে পেরিয়ে
হেঁটে যাই অলক্ষ্যে তোমার।

