
সোমা দত্ত-র কবিতা
আকালী
১
নিরুচ্চারিত বরফের মতো তলিয়ে গেলি মা গো
দিনের আলোর ভিতরে ছিটিয়ে দিলি গুলাল
রাঙা হয়ে উঠল কালী
রাঙা হল বনপলাশী
আমার সংসার নির্জলা কাঙাল
২
এই আগুনে-বুক এখন ঢাকব কী দিয়ে
গনগনে আঁচে পোড়ে অপত্য অঙ্গ
নাভি পুড়ে যায় আঁচড় পোড়ে না তবু
ছাই মাখে আমার তাণ্ডব বিভঙ্গ!
৩
সারা মুখে রাত জেগে থাকে
সারা রাতে জেগে থাকে শরীর
ঘুমের উপর ঘুমায় স্তনের যন্ত্রণা
যন্ত্রণার উপরে জন্ম নিরবধি
৪
আদর মুছে নিলাম বাঁশির বেহাগ থেকে
সুরের প্রবঞ্চনায় গাত্র জ্বলে শ্যাম
দিবা নিশি ধ্যান করে অর্জন করি চরণামৃত
পুন্যের পোশাক ছেড়ে আজ উলঙ্গ হলাম
আজ ব্যাভিচার রক্তমুণ্ড হয়ে ঝুলে থাক হাতে
হোক ক্ষয় ব্যাধি দুরাচার
চরণের অমৃত শুষে নিক তিন ভাগ জল
উত্থিত যৌবনে জাগুক পাতালভৈরবীধাম
৫
পাতা উলটে খুঁজি জ্বলন্ত কয়লা
রক্তজবার মতো যে তাকায় পুরুষে
জ্বালানির পরে জ্বালানি জোগাব
জহরব্রত নেবে ছিনাল কবিকে-
ভাবের ঘরে যোগের ক্রিয়া
যোগের ঘরে কাম
লীলাখেলা আজ চিতায় জ্বালিয়ে
নেব বৈকুণ্ঠের নাম-
তারপরে তুমি সদগুরু হয়ো অথবা ভণ্ড রাখাল
যৌতুক নেব জন্ম দিতে
শিবলিঙ্গের ঢাল

