
সৌরভ মুখোপাধ্যায়-র কবিতা
আশ্রম বিষয়ক
১.
সমস্ত ‘না’-এর প্রতি ঘোরতর সন্দেহ আমার।
ক্রমাগত ‘হ্যাঁ’-এ থাকা মন
যেদিন যেভাবে পারছে তুলকালাম লুঠতরাজ
যখন – তখন
‘হ্যাঁ’-ও কিছু সুবিধের নয়।
অংশীদারের চাপে থাকে
ফাঁকতালে সুযোগ পেলেই
আমাকেও আড়চোখে রাখে…
এই নিয়ে মাপজোক সারা
তক্কে তক্কে আছি ঠিক। আশ্রম খুলেছি দুই ভাই
একদেহে লীন থাকি।
সকালে জগাই সাজি।সন্ধে নামলে
নিশ্চিত মাধাই…
২.
প্রেমানন্দ সার এই আত্মরতি সার
হরিবোল ধ্বনি ওঠে জগৎ মাঝার
জগৎ বলেছি ভ্রমে।চরাচর নয়
নিজের অন্তরে রাখি,নিজের আশ্রয়
আশ্রয়শিয়রে শোভে রূপকান্তমণি
অহং দ্যাখোনি সখা অহং দ্যাখোনি
চোখ ঠারি, মন ঠারি, যাচি সর্বসুখ
নিজের আত্মায় পুষি নিজের অসুখ
আত্মরতি সার মানি,প্রেমানন্দ এই-ই
নিজেকে নিজেই মাখি।খাই দাই শুই…
CATEGORIES কবিতা

