
চৈতালী চট্টোপাধ্যায়-এর কবিতা
পাকদণ্ডী
নিসর্গ ঝুঁকে আসছে।
প্রকৃতি আমার কোলে ঝুপ করে শুয়ে পড়ল,
লোমভর্তি বেড়ালের মতো!
পাইন দেবদারু ওক
ওক দেবদারু ও পাইন…
হেঁটে যাচ্ছি মেঘ শুঁকছি।
রডোডেনড্রনে কিছু বরফের গুঁড়ো লেগে আছে!
চুরুটের কড়া গন্ধ,গত শতকের।
হট চকলেট খুব মিষ্টি নয়…
গোল গোল চিকেন কাটলেট…
ও! এই তবে ডালহৌসি ক্যাফে
রাগমালা
চন্দ্রকোষ বাজে।
যারা যুদ্ধ করে মরে যাচ্ছে, তারা তা শোনে না।
যারা ঘরে বসে আমোদআহ্লাদ করছে, তারা শোনে না!
প্রাণ ভাসছে। প্রাণ ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে রোজ।
আতশবাজির মতো ক্ষেপণাস্ত্র উড়ে উড়ে
পৃথিবী শ্মশান করে দেয়,
পৃথিবী আঁধার করে দেয়, ঘৃণাভরে।
প্রকৃতির ঘরে,
চন্দ্রকোষ শুধু বেজে যায়

