
সোমা দত্ত-র কবিতা
পরাজয়
সকালে উঠে দেখি অর্ধেক হয়ে পড়ে আছি
সংসারের উপরে
উর্ধ্বাঙ্গের দিকে চেয়ে আছে অধো-অঙ্গ
তীব্র বিদ্রূপে, অবহেলায়
অবহেলা বিষ-
বিষাক্ত অর্ধশূন্যে গুড়ো হয়ে যেতে
ভয় করে
নক্ষত্রের অবশেষ কী ভীষণ আশ্লেষে
গুড়ো হয় কৃষ্ণগহ্বরে-
শূন্য প্রতিরোধে বিদ্রোহ গিলে
অর্ধেক শরীর পচে যায়, গলে যায়-
এই একপেশে আক্রমণ আর কতদিন
কেন ভুলে যাও
সাতের দশকে পড়ে আছে আমার জন্মদিন-
চাহিদা
জালে মাছ
পারে তুমি
মাঝখানে বাজার
মাঝখানে পাইকারি
আঁশ ফেলে, নাড়ি ফেলে
পাখা দুটি কেটে নিলে
ভিড় ঠেলে আসে যত আমিষগন্ধী
জালে মাছ
পারে খিদে
যাতনায় বেলোয়ারি
পুরনো চোখের মতো নিষ্ফল আবদারে
ফালি করে ভাগ নিলে-
ভাগের ধারালো ফলায়
দ্বিখণ্ড হয়েছি আমি-

