
এই বন্দী… / কস্তুরী সেন
তারপরে চিঠি লিখবার দিন এল
কী যে সমারোহ
আর ভাল লাগে না কি বাসিচুল, বহুদিন সম্বোধন নাই শুধু কমলকুমার আছে, আছিল প্রস্তাব
এই ঘোর হাওয়া দিল রতনবাবুর ঘাটে
অটো চড়ে বলা হল ‘শেষ পর্যন্ত যাব’
মৃদু হেসে সরে এল বান্ধবীর প্রেমিক যুবক
এসেছিল, চিঠি তবু লিখিনিকো
আজ বড় লিখি সাধ হয়…
বসন্তের এতবড় অপচয় ঘটে গেছে জানে কেউ
রবীন্দ্রনাথেরই শেষে স্মৃতিময় ফলকের পাশে!
কবে সে বয়েজ স্কুল, গঙ্গাতীর
করিডর থেকে ডাক দিয়েছিলে ঘনচুল কিশোর আমার,
আজ দ্বারে তোমার, তোমারই তো দ্বারে এসে
এ প্রাণ জেগেছে
তুমি কাঁপা হাতে লেখা গুঁজে ‘ম্যাম আপনার’ বলে ছুটে পালাবে না?

