
ছিনতাই / বাপ্পাদিত্য রায় বিশ্বাস
একটু রোদ্দুর হতে চায়
একটু রোদ্দুর পেতে চায়
একটু রোদ্দুরে রাখতে চায় হাত
একমুঠো আলো পেলে
তা দিয়ে উনুন জ্বেলে
কী ভালো যে লাগে সাদা ভাত!
যিশু নামে ছেলে ছিল
এদেশে অমল হল
চার মাথা আলো করা রোদ
ছুটে যায় ক্রুশ কাঁধে
পুলিশেরা গান বাঁধে
মেশে লাল-নীল-হলুদের বোধ
মসলিন থান দিল
সোনার আংটি এল
গলে গেল এপার ওপার
শিশু মন তা কি জানে
সে জানে কাপড় মানে
যা ঢেকে রাখে লজ্জার দ্বার
গগনবিহারী চিল
সে আকাশ অনাবিল
কলঘরে চিলচিৎকার
ডানা ঝাপটিয়ে এসে
কে যে নিল অবশেষে
শেষ আবরণ ভাষার …

