
ভাষা রূপশ্রী ঘোষ
মাঝে মাঝে কেন এত বিধ্বস্ত হই দেশ
মায়ের ভাষা জেনেও তো যুদ্ধ থামাতে পারি না
তুমি আমি ভাই ভাই হতে চেয়েছি বহুবার
যেভাবে নদী বয়ে যায় আবর্জনা কাঁধে নিয়ে
আমাদেরও বয়ে যাওয়ার কথা ছিল কোনো এক প্রান্তর
যেখানে ধূসর রঙে ছেয়ে গেছে আকাশ
মাতৃভাষার মতো
কাঁটাতার ডিঙিয়ে মায়ের ভাষা জেনেও তবু কেন
ক্ষত বিক্ষত করে দুহাতে রক্ত মাখি দেশ
কেন কোনো গাছের গায়ে লাগে না সূর্যের আলো
কেন পাখিরা বুনে চলে বাসা উঁচু চিলেকোঠায়?
কেন ফুল বোনা হয় আমাদের ছাদ বাগানে?
যুদ্ধের রঙে ফুটে ওঠে জবা?
মাটি কি কেবল রক্তে ফলাবে ফসল?
এত যে মাতৃভাষা কেড়েছে প্রাণ
তবু কেন যুদ্ধ থামে না দেশ?

