
শীলা বিশ্বাস-এর কবিতাগুচ্ছ
এলিজি: মণি
৫
‘মণিকে ডেকে দে। ফোন কর’
ফোনের ওপার থেকে
‘আমি মণি’
ছোট বোন প্রক্সি দেয় বৃদ্ধ পিতাকে
ব্যর্থতার কুঠুরি থেকে
আকাঙ্ক্ষার দেরাজ খুলে
অন্তহীন দুঃখের মিছিলে
হেঁটে গেছে মণি
মুখের মিল, মনেরও
শুধু আঁকড়ে ধরে বাঁচা গেল না!
ওহে জগৎ ওহে আকাঙ্ক্ষা
আত্মঘাতের প্ররোচক
মুছে ফেলো টান
একাকী যেতে দাও তাকে
৬
সে গন্তব্য তো আমারও
দেখা হবে
লেখা হবে
মুছে দেব
হাহাকার
হা-হা হাসি
এঁকে দেব গ্রহাণুদের গায়ে
৭
স্পর্শ করিনি মৃত শরীর
আনখশির তোর ওম মেখেছি
জেগে আছি স্মৃতিভিড়ে
আঁধারের চোখ জুড়ে
ঘুম গেল অস্তাচলে
শ্মশানে রাত নামে
নাভি ভাসে জলে
কে কাকে ক্ষমা
দেবে অভিমান ভেঙে
৮
দুঃখ রাখার পাত্র এতই ছোট !
ফিক্সড ডিপোজিটে নমিনি
দুঃখের ভাগেরও
একসঙ্গে কাটানো সময়ের ভেতর
দয়া রেখে
মায়া সাপ চলে যায়
আয়ু খায় সবলের
আয়ু দেয় মরণাপন্ন বৃদ্ধেরে
CATEGORIES কবিতা

