
রুমেলা দাশগুপ্ত-র কবিতা
উৎসর্গ
আর ফিরে এসো না এখানে
কী তীব্র নিন্দায় ঢেকে গেছে নির্জনতা
এখন কীভাবে ফেরা যায়
অন্যান্য যেসব রাস্তা ধরে আসা যাওয়া
সেখানে তোমাকে দেখি না যে, বহুদিন
কতজনে আসে যায়, দেখে,
সন্দিহান তারা তোমার বিষয়ে
ঘুম আসে না তো
অবিরত এক সুর বাজে
বিফলে গিয়েছে আর সব
শুধু যা যা পেতেছি আসনে
দুধ কলা চিঁড়ে দই বিগ্রহ বাসনা
কীভাবে ফুরাবে এই পিপাসা নিবিড়
কীভাবে তোমাকে একা সে আসনে রেখে
উঠে যাই বার বার, বলো,
ধর্মে যে সইবে না!
আর্জি, এই
দীর্ঘসূত্রতার সূত্র ধরে তোমাকে ভেবেছি কাল
তুমি নেই, তুমি নেই, এই দেশ জ্বালা
কত সদ্য ফোটা ফুলে মন্ত্র পড়ি রোজ
যে যায়, সে আসে ঠিক, ভুল হয়না পথ
এমন গোধূলি প্রেমে বুনে যাই জাল, অনর্গল
কতদূরে যাবে
যতদূরে চলে গেলে দূরের হিসাব ঘেঁটে যায়
ছেড়ে যাও
জানো না কীভাবে এই অতর্কিত শ্রমে
পুড়ে যায় মন, পোড়ে পোড়ারও অধিক
তবে কীসে কীসে ভয় পেয়েছ এতই
যে, ঘোর নাস্তিক মন পড়েছ মাদুলি
হাতের শিরায় দাগ চেনা লাগে খুব
তোমাকে যে এত কথা বলি
প্রয়োজন, প্রিয়জন সব
যে কথা বলিনি,
হাড় জিরজিরে এই মাঘ বেলা, ছেড়ো না আমায়।

