
আত্রেয়ী চক্রবর্তীর কবিতাগুচ্ছ
রঞ্জিনীদির গানের খাতা
১.
‘অশ্রুভরা বেদনা দিকে দিকে’ ঈষৎ ব্যথা
এর চেয়ে তর্ক ভালো, অনন্ত যৌবন
তাও কি হয়? আব্বা চলে গেলেন
আব্বাঠাকুর- আমাদের গেটকিপার
আর রাধুদা, বাঁশিতে কৃষ্ণ সাক্ষাৎ
২.
রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না, পিসি
ছাতিমতলার দিকে বন্ধুরা যায়
বিয়ে কি করতেই হবে? সুমন গাইলে পরে
ভুল হয় সব—
কলেজ উঠতি বয়সে এ কেমন মেঘ
পাড়ার মোড়ে দেখা আশাবরী-খাম্বাজ
অসময় বাইকযুবক
বর্ষামঙ্গল
তোমার ছিল না বুঝি!
৩.
বিদর্ভ তসরে ন্যাকা ন্যাকা ফুল
পাঁচ টাকা রিকশায়, সেই প্রথম শাড়ি, রাঙা টিপ
ও খুব জ্যাঠা
দিদিরই বসন্ত শুধু, যত ভোর আমার
কী কায়দা ব্যক্তিগত, জলের রেওয়াজ
এও তো গান— গলা ভেঙে ঢেউ, আড়, চাষাবাদ
৪.
পার্টির ছেলেরা আসে, খেতে চায় মাছ
কী করে বোঝাব ওদের, ভরন্ত ইলিশ?
পেটভর্তি ডিম
জালের আশায় দিই মুড়ি, শস্য, বঁটির ফলা
দোকানি হিসেব রাখে, ধান ও চাল
মাসমাহিনার তারিখ
ফিরতে ফিরতে রাত, টলে যায় পা
৫.
আমার শরীর আমি নিজেকেই দেব
কী আছে আর!
পিচ্ছিল রেখা, কাঁদে পাখি
বনেদি নহবতখানা ফেলে আসা কবেই
ভরাগাঙ, নৌকো, ঘুণলাগা কাঠ
আমার শরীর আমি খেয়ে নেব ভরে
তন্তুজ আঠাভাব, আষাঢ়, শ্রাবণ…

