
পিউলি মুখোপাধ্যায়-এর কবিতা
রাইরাজা
ঝাড়বাতির স্তব্ধতায় রাজপথে গুঞ্জন
রাধিকা এখন রাজা
প্রণামে মুখরিত সান্ধ্যকালীন শ্রদ্ধা
হঠাৎ একটু দূরে গলি বেয়ে ভয়ার্ত গর্জন
‘কম্পিত তনুদল’ শব্দের আবরণে দিশাহারা
টের পেল না কেউ
অলিখিত প্রভাবে রাধিকাও পণ্য
কোথাও যেন পুণ্যার্থীর বেশে দুষ্কৃতী…
প্রকৃতির নিয়ম নাকি সমকালীন অস্থিরতা!
শোভাযাত্রায় শান্তিপুর ছেয়ে সমর্পণ
অন্তত একবার কি চেনাবে ধর্ষক মন?
ভক্তির আবহে সংশোধনের বাতাস বয়ে যাক
দুর-দূরান্তে
ভারসাম্য
ক্রিকেট ব্যাট হাতে রোজ
পাড়ার মাঠে খেলতে যেত স্মৃতি
সঙ্গীর অভাবে বিকেলে এখন ঘরবন্দী
মুখস্থ মহিলা ক্রিকেট দলের সবার নাম
বিকশিত হয়ে হারিয়ে যাওয়ার ফাঁকে
পারিবারিক এবং ভৌগোলিক অবস্থান
এখনও নির্বাচিত করছে ব্যক্তিত্ব
জনপ্রিয়তার ফাঁদে প্রতিভা পৃথক লিঙ্গভেদে
ছেলেরা কবি হলে, মেয়েরা কবিতা হয়ে উঠুক–
এসব মুছে যেন
খোলা প্রান্তর বেয়ে নারী-পুরুষ একই বেশে
ডিজিটাল নির্ভরশীলতা কাটিয়ে সমানাধিকার লেখে
ফাল্গুনী বাতাসে খাতা-পেন হাতে
ভারসাম্য সূত্রে…

