
গুচ্ছ কবিতা – দুর্গা ধারা
১. অন্তত
একাকিত্বের অভ্যাসে মেতেছি
জন জোয়ারে বড় ভয় হয়।
আমি বরং নিজের হাতটা ধরি
অন্তত হারাবো না,
হেরেও যদি যাই।
নীরবতার আশ্রয় নিয়েছি
আত্ম ব্যাখ্যা করা বড়ো দায়।
নাহয় হলাম আমি দোষী
অন্তত মারবো না,
মরেও যদি যাই।
আমিত্বের প্রতিযোগিতায়
কেবল তর্কে হবে জয়।
মানানো যায়নি, মেনেই নিলাম
অন্তত দিনের শেষে
যে সয় সেই রয়।
২. কোথায়
কোথায় আমার বসন্ত?
কোথায় আমার অহংকার?
রাত জেগে জেগে সার করি
কোন স্বপ্নে বিভোর হবো?
অভিমানের বাঁধ উঁচিয়ে
অভিযোগের বান ডাকিয়ে
এই বুঝি সব ভাসিয়ে দেবো?
দিগ্বিদিক শূন্য আমার-
ধোঁয়ায় চোখ লাল।
নিম্নচাপে দিন কেটে যায়
সূর্যোদয় কি দেখবো কাল?
স্বতন্ত্র থাকবো বলে
যখন আত্মমগ্ন হলে।
অশ্রু শুষে আজও
আমি মানিয়ে নেওয়ার দলে।
কই কোথায় আমার প্রেম?
কোথায় কে আছে প্রদীপ জ্বেলে?
৩. অচেনা লাগে
মন খারাপের দায় এড়িয়ে
দোষী করো যাকে
আড়াল থেকে খোঁজ নিও
তাঁর তোমাকে অচেনা লাগে।
সতেজ প্রাণকে ঘূন ধরিয়ে
নিষ্প্রাণ যে থাকে
জিজ্ঞেস করে দেখ তাঁকে
তাঁর তোমাকে অচেনা লাগে।
কথায় কথায় মন ভেঙ্গে দাও
মনকে জোড়ায় রাত জেগে
রাত প্রহরী হয়ে জেগে দেখ
তাঁর তোমাকে অচেনা লাগে।
৪. একা
কত বন্ধু আসে যায় সবার
কত সঙ্গ বদল হয় দিনে দিনে
একই হাত কত কত হাত ধরে।
না ভাঙতেই আরেকটা ওঠে গড়ে।
দাঁড়িয়ে ছিলাম সেদিনও
আজও দাঁড়িয়ে আছি।
আমি আছি আক্ষেপ নেই
কিন্তু কেউ থাকে না তা বুঝি।
বিপক্ষে যাওয়ার সুযোগ-
ছাড়ে না ছাড়বে না কোনদিনই।
হারিয়ে যায় আর হারিয়ে দেয়
সেই একই বন্ধু প্রতিদিনই।
অপ্রকাশ্যে দুঃখ গিলি
প্রকাশ্যে যা যায় না দেখা।
ঘিরে থাকে মিথ্যা চারিদিক
আঙ্গুলের তীরে আমিই থাকি একা।
৫. যেদিন পরবো খসে
খারাপ আমার অভ্যাসের
ভালোতেই যেন আতঙ্ক হয়।
দিন কেটে যাক অন্ধকারে
আলোতে হারিয়ে যাবার ভয়।
না থাকলে জীবন সবাই জানে-
কারণ আমার মরণের
বেঁচে আছি আশ্চর্য করে
আশা নিয়ে কলঙ্ক বরণের…
হারিয়ে দাও জন্ম আমায়
প্রতিদিনে প্রতিক্ষণে-
বিশ্বস্ত জেনে মন দি
বিষ তত ঢেলে দেয় মনে।
তারার মতো জ্বলবো সেদিন
তারার মতো পরবো খসে।
বৈধ অবৈধ বিচার সভায়
সব বিচারক কাঁদবে শেষে।
৬. চোরাবালি
অপেক্ষার কথামালা
গাঁথি মাঝরাতে
বলা তাকে হয়না
কখনও কোনো মতে
সাদা কালো আলো ছায়া
বিরহের আঁকিবুঁকি
চোখে চোখ অভিযোগ
কত প্রশ্ন মুখোমুখি
বেসুরো বাউল গান বাঁধে
একতারার মীরে
তুমি যাও আমি যাই
ভেসে রূপ সাগরের তীরে
অগোছালো কালো মেয়ে
পেয়ে তাচ্ছিল্যের তালি
মেনে নেয় হাসি মুখে
চোখে তার চোরাবালি…

