
অবিন রায়চৌধুরীর কবিতা
বাড়ি
দোকানগুলো থমকে দাঁড়িয়ে আছে আজ
পায়রাটি সকাল থেকে কিছু খায় নি
রোদ্দুর মাটিতে পড়ে বেঁকে যাচ্ছে কোথায়!
হাতে অসংখ্য কাগজের নীল নৌকো ছটফট করছে
ঠোঁটে গড়িয়ে নামছে একটা হলুদ চিঠি
যে চিঠির পাতাটি ফাঁকা, সাদা একটা বাড়ি আঁকা শুধু সেখানে…
আগুন
মহিবিশ্বের গায়ে আগুন ধরে গেছে
তা দেখে মুখে করে জল নিয়ে তার গায়ে ঢালছে একটি রোগা পাখি
পাখিটিকেও শেষে খেয়ে নিলো আগুন
শেষে পুড়ে গেলো আগুন নিজেও…
দুঃখ
সমুদ্র ফিরিয়ে দেয় গান
সমুদ্র ফিরিয়ে দেয় সম্পর্কের ঘণ্টাধ্বনি
ফিরিয়ে দেয় কাগজের সবুজ নৌকো
ফিরিয়ে দেয় রঙিন ভ্রমণ, পাখির ডাক
কিছু কিছু সময় সে ফিরিয়ে দেয় চোখের জল যা পৃথিবীর
সাত সমুদ্র তেরো নদী মিলেও ধারণ করতে পারে না…

