
সব্যসাচী সরকার-এর কবিতা
ঘটনাপ্রবণ
যার সব গেল, শুধু সে-ই জানে,
কারা ফিসফাস, কেন অভিযানে।
যারা লিখেছিল, যারা অজুহাত
নখ-দাঁতহীন, ভীরু প্রতিবাদ।
যার যায়, তার মৃত্যুচেতনা
সাদা মালা এনে, রঙিন বেদনা।
সাদা পান্জাবি, শোকপ্রস্তাব
কালো চশমাতে তাপ উত্তাপ।
সরকার কবি কন্স্টিপেশনে
ফেসবুকে লেখে ছন্দটি মেনে।
যার যায়, তার পুড়ে যায় মন
দিনকাল খুব ঘটনাপ্রবণ!
বিশ্বাসভঙ্গ
ভোরে বেডসিটের মতো কুঁচকে আছি।
এখানে, সেখানে আছি,
কলঙ্ক আঁকা আছে বুকের পাঁজরে।
যা যা আমি জমিয়ে রেখেছি
সেখানে ধুলোর দাগ,
ডিপফ্রিজে জন্মানো মৃত অভিমান,
যেমনটা পড়ে থাকে ম্লান সংসারে।
সেখানেই কৃষিকাজ,
সেখানেই পডকাস্ট,
ধকধক নিঃশ্বাস
মৃত্যুর কাছাকাছি,
কী ভীষণ ভালো আছি আহারে-বাহারে!

