
পিউলি মুখোপাধ্যায়-এর কবিতাগুচ্ছ
প্রস্তুতির প্রথম ধাপ…
বাংলা
দেওয়াল থেকে মা-কালীর জিভ পাঠ্যবইয়ের স্বাদ নিয়ে
ঘরভর্তি স্ট্যাটিক এনার্জির সমবন্টনের হিসেবে
শর্ট-টার্ম মেমোরি ও হাতের সামঞ্জস্যে কবি-সাহিত্যিক…
বৃষ্টির ফোঁটা হয়ে ভিজিয়েছে খাতার পাতা, উর্বর ক্লাসরুম
সাক্ষী নীলচে মেঘ, প্রাক-বাসন্তী রোদ, আনস্মার্ট ওয়াচ
সময়ের দাম ফিক্সড প্রাইস রাখার শিক্ষা সবে শুরু
ট্রান্সপারেন্ট লেখালেখির প্রাণজুড়ে মনোযোগী প্রণাম
ঘণ্টা বাজে, বহির্মুখী স্রোত খাতায় মুখ গুঁজে
রাবীন্দ্রিক চিন্তাধারা ফেলে টিনএজ-স্বভাব হাসে
শব্দের জঞ্জাল, নাকি স্বর্গ? কাগজ জানে
মাধ্যমিকের প্রথম দিন, চিরস্মরণীয় অথচ তাৎক্ষণিক
দেহ, মন, পরীক্ষা গুরুত্বে বাড়ে, আয়তনেও…
প্রস্তুতির প্রথম ধাপ
ইংরেজি
বিদেশি রাজত্বের অতীতে গমন, এখন প্রযুক্তি
অনলাইন পরীক্ষার চাপে হাতের লেখার হীনম্মন্যতা
সাম্প্রদায়িকতার বাজারে স্পোকেন ইংলিশের কদর ঊর্ধ্বগামী
ব্রিটিশ যুগ পেরিয়ে স্বাধীনতার পৌঢ়ত্বে দ্বিতীয় ভাষার রাজত্ব
প্রতিবিম্ব সত্যি ভাবা, বৃক্ষরোপণে প্রাণের ম্যাজিক
এখনও প্রচলিত প্রবাদের মতো চোখের আড়ালে
টিকে যাক সৃষ্টি, কিশোর-বিস্ময়ে
ন্যারেশন, ভয়েস-চেঞ্জ ভুলে
ঠিক-ভুল সময়ের হাতে ছেড়ে সততার ব্যাকরণে নিমজ্জন
পরবর্তী ধাপ ছোঁয়ার আগেই কপালে বয়সের চিহ্ন
সমপ্রস্তুতিতে জীবনের সিন-আনসিন আত্তীকরণে
যুদ্ধের দামামা, গির্জার শান্তি, স্থিতাবস্থার দুশ্চিন্তা
পরিশেষে শূন্যস্থানে স্মার্টনেস, সুযোগের সদ্ব্যবহার…
ইতিহাস
সময়ের ফাঁকে মধ্যযুগ চোখ থেকে পাকস্থলীর দিকে
ঘূর্ণির বেগ নষ্ট করছে প্রশ্নপত্রের বিন্যাস
জানলায় নজরদারি, সূক্ষ্ম আন্দাজ, শব্দের কড়াকড়ি
প্রাচীন থেকে বর্তমানের দিকে ফিরতেই
স্বপ্নে কখনও বৈদিক যুগ, কখনও মুঘল সভ্যতা
পার্মানেন্ট মার্কার দিয়ে লেখা হচ্ছে সাল-তারিখ
মস্তিষ্কের ভাঁজে যেন নির্ভুল অলংকার
সর্বধর্ম সমন্বয়, বিপ্লব, হিন্দুমেলা গুরুত্ব বাড়িয়ে উপস্থিত
ম্যাপের রেখায় ভারতবর্ষ বেঞ্চের প্রান্তে জীবন্ত
স্পিড বাড়িয়ে নির্দেশিকার ইঙ্গিত নির্ভুল উত্তরে
ইতিহাসের পাকদণ্ডি পথ বেয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব
জ্বালানি হয়ে জোগান দিচ্ছে হোয়াইট ম্যাজিক, অনবরত
ভূগোল
সমুদ্রস্রোত, বালিয়াড়ি, পূর্বঘাট-পশ্চিমঘাট প্রশ্নের ভূমিরূপে
ম্যানগ্রোভ-কৌতূহল তাকিয়ে লবণাক্ত জমিতে
উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে মানচিত্র বেয়ে যাতায়াত
অবরোহণ প্রক্রিয়ায় অবচেতনে সৃষ্ট আরাবল্লি পর্বত
ইদানীং শাওয়ারের জলে জেগে ওঠা ক্রাশের গলায় মেশে
কেন… মনের উষ্ণতা-বৃষ্টিপাত রেখাচিত্রে ভয়ংকর বাঁক থাকবেই
গোলাকার গম্বুজ ক্রমে প্রিয়জনের স্নেহমাখা মুখ
ইন্টারনেট ব্যবহারে সম্পৃক্ত, এমন সময় বিচ্ছিন্নতার মৌসুমিবায়ু!
আমার পার্সোনাল ক্যারিয়ার জুড়ে তোমার স্মৃতির নদীর সঞ্চয়
সংশয়ে ভবিষ্যৎ উত্তপ্ত হলে অসময়ে পরিচলন বৃষ্টি
সোনার হরিণ খুঁজছিলে কি চিরহরিৎ বনভূমিতে?
কোনও এক ভূগোল পরীক্ষার দিন শিখেছিলাম–
জোয়ার-ভাঁটা না এলে জীবন ঘুমিয়ে পড়ে
অঙ্ক
সুদ-আসল, অনুপাত, লভ্যাংশ, গোলক-অর্ধগোলক, বৃত্ত
স্মৃতিতে বন্দি হাতিয়ারের মতো কাঁটা-কম্পাস অবতলে
অনুকরণের ভুলে যদি সংখ্যা বদলায়, আন্দাজ আগন্তুক
বুদ্ধির মাঝে কোমল মুদ্রাদোষ, রিমঝিম-আধানে কম্পিত
কমন পেলে খুশি হওয়া, খুশির হাওয়া
পায়ে পায়ে বিস্তৃত ভাগ্যের গলিতে ঐকিক নিয়মে
সিঁড়ির ধাপে পুরস্কার লুকিয়ে, যেই ভাবছে প্রাক্তন
বর্তমান বসছে নির্ভীক বিস্তারে শেষধাপে
চিন্তার পিস্তল হাতে রূপকথার প্রহরী হয়ে তোমার দরজার
পাহারার কৌশল শিখিয়েছিলাম, সেই অঙ্ক পরীক্ষায়
তারপর কত মাঘ আসে-যায়, নির্ভয় অপেক্ষায়
মধ্যপদ ভেবে বিচ্ছিন্ন করেছি তোমাকে, কাঁটায় কাঁটায়
ফিজিক্যাল-সায়েন্স
বায়োগ্যাসের ব্যবহার থেকে স্থিতিশীল উন্নয়নের কারণে
যেতে যেতে ধৈর্য চমকে উঠল মোজলের সূত্রে
সম্পর্কের বিশ্লেষণে বেছেছি পরিবর্তী প্রবাহ
ফলস্বরূপ কানেকশন ম্রিয়মাণ, অন্ধকারে আবেগ
বয়েলের সূত্রে উষ্ণতা স্থির রাখতে পারিনি
চলে গেছি চার্লসের সূত্রে, তারপর সব-ই পরিবর্তনশীল, আদর্শ
মনের নিউক্লিয়াসে মেসন কণা অনুপস্থিত, এই বুঝি ভেঙে যায় পণ!
বিপদের কাছাকাছি ব্যবহারের বাঁক, যেন প্রতিসরণ
অণু-পরমাণু, অবতল দর্পণ, যোজ্যতার খাপছাড়া সংযোগ
সমীকরণের সংখ্যা ও সংকেত, রাসায়নিক সমতায়
ফিজিক্স-কেমিস্ট্রির গোলযোগে চশমার অবতল লেন্সে অম্লরাজ
কারও জন্য শেষ, কারও এটাই সাবজেক্ট, ব্যক্তিগত পার্থক্যে, জারণ-বিজারণে
লাইফ-সায়েন্স
ডাক এলে স্নান-খাওয়া ছাপিয়ে প্রতিবর্ত চাপ
দুর্নিবার প্রবৃত্তিতে চেনে সঠিক ক্রোমোজ়োম
তরঙ্গের ব্যতিচারে সুযোগের অভাবে অযৌন জনন
বিবাদে নিষ্ক্রিয় বইয়ের পাতায় শেখা সমসংস্থ অঙ্গ
সব-ই জীবনের উৎস ব্যাখ্যায় খরস্রোতা
উড়ন্ত পালকের পিছু নিয়ে প্রাণের অস্তিত্ব খুঁজতে
বিজ্ঞানের বই তাকে, হাতে, স্নায়ুকোষে
এদিকে ছবি আঁকতে ভুল করে ফেলে নার্ভ!
দুই গাছের কথোপকথন শুনলে
প্যাঁচাও বোঝে জুলোজি-বোটানির পার্থক্য
আমরা ডারউইন হতে পারিনি, এখন
মানুষের জন্তু হয়ে ওঠার আবহাওয়ায়
ভালোবাসার লক্ষণ কিন্তু একই থেকে যায়

