
যশোধরা রায়চৌধুরীর কবিতা
নিবিড় দিন
প্রার্থনায় জড়ো করা হাত
হৃদয়ের কাছে গিয়ে থামে
বুকের ভেতরে থমথম
কারা যেন, কথা বলে, ডাক দেয়
পুরনো সে নামে
কৃত কৃতার্থতা যদি জানো
তবে পাশে রাখা অহংকার
তাকে দেখো নিশ্চিত নিকট
জিৎ রাখা, তারও পাশে হার
নমস্কারে জড়ো করা হাত
তারই পাশে শুকনো পাংশু মুখ
হৃদয়ে জমানো মায়া, সুখ
জুতোর পাশেই ছেড়ে রাখা
যেই ডিশে, পেয়ালা ঠকাশ
দুহাতে আঁটেনা ঠকে যাওয়া
শিরদাঁড়া খুলে রেখে থাকা
মাথা ঝোঁকানোর বদ অভ্যাস।
প্রার্থনায় জড়ো করা হাত
হৃদয়ের কাছে গিয়ে থামে
বুকের ভেতর ভালোবাসা
ডাক দেয়
পুরনো সে নামে
সাস্পেন্স ড্রামা
কাল যেন কিছু হবে
স্তব্ধ বাতাস, রুদ্ধ আকাশ, শহর গুনছে ক্ষণ।
কাল যেন কিছু হবে।
আমাদের এই মন
খিল্লিজমাট, খিস্তিরুদ্ধ, ক্রন্দনে উপশম
আমাদের এই বাঁচা
কাঁচা নর্দমা উপচে ওঠার বিশিষ্ট এক ধাঁচা।
কাল যেন কিছু হবে
আজ অব্দি যা যা হল
দেখলে না তুমি, বন্ধ বাতাসে, হয়ে গেলে আলুথালু
আজ তুমি গেছো পিকনিকে আর উড়িয়েছো মজা দশ
কাল যেন কিছু হবে। জেনেছিলে, তবু ছিল পরবশ
অবশ হৃদয়, বার্তাও লঘু, এই তো আদিম বাঁচা
গোল একখানা গ্রামের স্বপ্ন, বাহিরে যাব না , হাঁচা
নিষিদ্ধ হলে কাল থেকে তুমি হাঁচবে না তবে আর?
কাল যেন কিছু হবে, ভয়ে ভয়ে , থাকো গৃহে অনিবার।

