
তিনটি কবিতা সেলিম মণ্ডল
ধূপছায়ার নীচে
১
ওই ধূপছায়ার নীচে মরে গেছি
ছাই মাখব, না তার সুগন্ধ নেব?
বদ্ধ ঘরে… নিভে যায় কত আলো!
ধূপ জানে না, গন্ধের মোহে কত লোক বেঁচে গেছে
শুধু মরব বলে!
২
ওই ধূপছায়ার নীচে গর্ভস্থ সন্তান
মৃদু মৃদু আলো নিয়ে ছাইয়ে ঢাকা পড়ে
কার নাভি কোথায় ওড়ে
কাটা পড়া লাশ সে-তাও লাইনেরই
ট্রেন চলে যায়… সুগন্ধের মতন
জীবন যেন এক—
ছায়া ছায়া বাঘবন্দি খেলা
সংসার
১
আলো জ্বলে
জ্বালাময়ী মা
সন্তান সে যে সুখের পরাগ
ফুল কি বোঝে না?
২
বিছিন্ন অন্ধকার, উপাড় করা আলো কই?
হাঁড়িতে ভাত ফোটে
জীবন্ত কই করে ছটফট
জল, জলভরা জল… থই থই করে বাড়িতে
মাছ মরে
মাছেরা মরে
বঁটিতে ধার দেয় বাড়ির নতুন বউ?
বিড়াল
বিড়ালকে কাঁটা দেওয়ার আগেও সে বিড়াল
তুমি তার ম্যাও ম্যাও শুনতে অভ্যস্ত নাও হতে পারো
সে বাঘের মাসি— এ কথা স্বীকার করতে হবে
তোমাকে আরও আরও স্বীকার করতে হবে
উচ্ছ্বিষ্ট কাঁটার প্রতি মনোযোগ ছিল না বলে
কখনো কোনো বিড়াল তুমি পুষে রাখোনি

