
রিনি গঙ্গোপাধ্যায়ের কবিতা
তিনটি কবিতা
১
পাশাপাশি থাকি,
কখনো হাত, কখনো কাঁধ, কখনো পাছা
ছুঁয়ে যায় আচমকাই
তবু
তোমার সঙ্গে আমার
আমার সঙ্গে তোমার
নেই কোনো আদানপ্রদান।
২
সারাদিন সাদা পাতার সামনে বসে থাকি
কিছু অবসন্ন শব্দ ছাড়া ভাষা কই
লিখব ভেবে শরীরের কথা বলি
অতৃপ্ত বাসনা ছাড়া ভাবনা নেই।
তুমি পাশে আছ অথবা নেই
গরমের দুপুরে নিঝুম বেবাক পাড়া
আমি নগ্ন দাঁড়াই বারান্দায়
নিঃস্তব্ধ শরীর, পুড়ছে!
৩
সিঁড়ি নেমে গেছে গহীন আঁধারে
স্পর্শের বাহিরে গভীর কোনো স্পর্শ
অধীরতার তরঙ্গ উৎলোল ছাপিয়ে
হয়তো মৃত্যুর মতো নিশ্চল ও শীতল।
জলের আয়নায় কম্পমান তোমার মুখ
ক্রমশ পলায়নপর জায়মান শৈবাল
অথচ স্পর্শের কাছে নিবিড় অসহায়
আর কিছু রিক্ততা, সিক্ত হাওয়ায় হাওয়ায়
ভেসে যায় চৈত্রের শেষ প্রহর
ভেসে যায় উদাসী চাওয়ার কাছে
পেতে রাখা হাত। ‘শূন্য হাতে ফিরি’ নাই নাথ
রাঙা রং বড়ো প্রিয় ইস্পাতের ভাঁজে ভাঁজে।

