
গুচ্ছ কবিতা পল্লব গোস্বামী
১.
একতারা
একা মানুষ, একটি তারা
আর একলা, অনেকদিন
স্নান সেরে, শালুতেই গা মুছি
একাকী ঈশ্বর
২.
দোতারা
সহসা ফিরে যাই
যদিও, ফেরা অফুরান
সবই তো আদ্যানদী
আগুন আর জল,
জল আর আগুন সকল
৩.
সরোদ
সরোদও নেবে না আমাকে
এতটাই অশান্ত আমি
শান্তির ঘরে, ঘুমিয়ে পড়ে শান্তির-বৌ
আমি শুধু একা একা,
ঝংকারে ঝিকমিক
৪.
সারেঙ্গী
স্বর আছে, সার নেই
সারেঙ্গীসাধক নিয়ে গেছেন সারাবেলা
অবেলায় আহির ভৈরব
কালবেলায় হেঁটে যান,
কালো কৃষক আমার
৫.
সেতার
সে, তার নয়
তারও হয়নি সে, কোনোদিন
তবু তিনটি মানুষ এ ওর কথা ভাবে
তবু তিনটি মানুষ, এ ওর কথা ভেবে
কাঁদে
৬.
সানাই
পরীরা তাকে চুরি করে নিয়ে গেছে
চোরকে আমি খুঁজতে যাই,
মিষ্টির দোকান
দোকানে দোদুল্যমান,
মায়াকাজল
দোকানে দোদুল্যমান,
কেউটে সানাই
৭.
বাঁশি
রাধার বাঁশিটি, যদি তুমি হও
আমি, তবে হই বাঁশের বাহার
বসে বসে বিকেল কাটে
শীত ঢাকে,
শৌর্য খামার
৮.
বেহালা
হলকর্ষণ শুরু হয়ে গেলে
বেহাল রাস্তায়, বনানীর চারা ফোটে
তুমিও ফোটো,
আমার সমস্ত ব্যথা জুড়ে—
বেবাক বুদ্ধজুঁই
৯.
ভায়োলিন
ভয় হয়,
যদি একদিন মরে যাই
মরে যাই, অনন্ত ভয়ের ভেতর—
সেদিনও কি তুমি, ম্যাপল পাতার কথা ভাবো?
ভেবে ভেবে ঘুমাও, জেন গল্পের মায়ায়?
CATEGORIES কবিতা

