
সেবন্তী ঘোষ-এর কবিতা
ভুল
ভুলে যাই বালতির ভেতর মগ না মেঝের ওপর,
তোয়ালে ঝুলবে না জমা হবে ধোপার বাক্সে,
হলুদ নুনকে খুঁজতে চলল, রাঁধুনি আর জোয়ানের গোলমালে,
এর ওর ছিপি নিয়ে টিফিন বাক্সগুলো ছেতরে পড়ে থাকল,
মহাসাগরে খেলনা না সত্যি মিসাইল এসে পড়ল, কে জানে!
বালিকা না পুতুল ওরা, যাদের ইস্কুলে শান্তির পায়রা চোখ ঠুকরে খেলো,
সারি সারি খুকুদের কবরগুলি ভুলে গিয়ে বলি,
ভালো ছিল এই ভোলা,
থেবড়ে বসে ছাদ ভরা ফুল আর মৌমাছি দেখি,
ভাবি বসে, এই দৃশ্যটুকু যেন ভুল না হয়ে যায়,
যদিও মনে রাখার চেয়ে ভুলের গল্পগুলি
আজকাল বড় ভালো লাগে।

