
আত্রেয়ী চক্রবর্তীর কবিতা
শিরোনামহীন
১.
নামের উপর দ্রুত আঙুল চালনা
নিঃসন্দেহে প্রেত
মনোনয়ন পাবেন এখানে
মুড়ি, খই
যাত্রাপথের অলক্তা দু’টি পা
২.
মুখাবয়ব ভুলতে ভুলতে দীর্ঘতম আপেলের বাগানে দেখা
ও-পায়ের কাছে গড়িয়ে যায় সুদৃশ্য ফল
গড়াতে
গড়াতে
দাঁত, ক্ষমা, জিভের আয়োজন
কড়ি-মধ্যম
জীবন এভাবে কাটিয়ে দেব
এলানো রোদচেয়ারে ভরা শরীর, পঞ্চশস্য
যাকে নিয়ে খেলেছি, মেখেছি দু’হাতে
সে আমার শুষে নিচ্ছে সব
কবেকার বঙ্গাব্দ, গোপন কাঁচুলিখানি
রাঙাজ্বর
আমার অপরিপক্ক ফল দেব তাকে
ঘরভরা শ্রীযুক্ত হস্তাক্ষর
কুশল মেশানো বেলা
বাড়ি ফেরার তাড়া নেই
তবু খাস ভৃত্যের মতো এগিয়ে দেওয়া পাতা, নাভি, রোঁয়াওঠা ঘাস
জীবন এভাবে কাটাব, এভাবেই

