
দেবাশিস দাশ -এর কবিতা
ভোট-পরিসরে দু’চার পশলা
১. দুয়ারে উৎসব
“আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছে করে কেড়ে নিয়ে চলে গেল…”
তথ্য-প্রমাণ কোথায়? এখন
দুয়ারে ভোটের উৎসব।
ভর্ৎসনা শোনে এক কান, আর
অন্যটা পচে কুৎসায়।
বাঙালি এতই মমতাবিহীন?—
লাশকাটা নিয়ে কেচ্ছা?
ভালয়-ভালয় সব ভুলে যান,
দুয়ারে জয়ের উচ্ছ্বাস।
খুনখারাবির মোটিভ জোটেনি?—
রিরংসার কী উৎস?
সব দাবিদাওয়া মেনে তো নিয়েছি,
আরও কী-বা আছে গুহ্য?
আহাম্মকের শিয়রে শমন,
পালক-প্রধান স্বেচ্ছায়
পদত্যাগেও প্রস্তুত, তবু
প্রয়োজন বড় নচ্ছার।
তাঁর মতো এত দক্ষ চটুল
পাওয়া সত্যিই দুর্লভ,
সাজো-সাজো রব সামনে, যখন
দুয়ারে জয়ের উৎসব!
২. যোগ্যতা
“সব কণ্ঠ রোধ করে দিয়েছে, কিন্তু মনে রাখবেন, মানুষের কণ্ঠ কিন্তু রোধ করা যায় না…”
তাঁবেদারি থেকে মুক্ত কবির মন
চিনতে শিখুক ঝড়ের ঈশানকোণ।
প্রার্থীরা হোক ততটা মমতাময়,
যাতে মুছে যায় সমাজের সব ক্ষয়।
একটি মানুষ এতটা যোগ্য হোক
যাতে, ধুয়ে যায় শত পরিচিত শোক।

