
আগুনের বর্ণমালা / দেবার্ঘ্য সাহা
যেটুকু বলতে পারি সেটুকু বোধের সামগান
নিরাকার উৎসাহে বাসা বাঁধে রাক্ষুসে ভয়
ক্রমশ প্রতীয়মান আকালের জটিল সোপান
নিমেষে চিনিয়ে দেয় আগামীর গূঢ় অবক্ষয়
নাগরিক প্রলোভন প্রশ্ন করেছে প্রতিবার
চেতনার রং যদি ফিকে হয়ে আসে দিনমানে
মজ্জায় অবরোধ! দৈবাৎ নিজেকে খোঁজার
প্রয়োজন লেগে থাকে নিষ্প্রাণ স্নায়ুর বয়ানে
মাঝে মাঝে মনে হয় এত ক্ষীণ শিকড়ের টান?
চেয়ে আছে নির্বাক ছায়াময় শীতল আখর
গর্বিত কথামুখ ভুলে এই স্থবির শয়ান
শূন্যতা গিলে খায় আমাদের সব উত্তর
কোথায় আলোর পথ? খুঁজি প্রাণ ধ্বংসলীলায়
চিন্তারা জড়ো হয় আগুনের বর্ণমালায়…

