
যেখানে হাত রেখেছ সব্যসাচী মজুমদার
যেখানে হাত রেখেছ,
সেখানেই মায়ের মতন
জলের নীচে, জলের ওপর,
থালার গায়ে,
নুনের ভেতর, অস্ত্রমুখে…
পাথর বেয়ে
শ্বাপদ নামে, শ্বাপদ আসে
কিংবা শ্বাপদ
তোমার ছিলই না তো
রাত বেড়েছে, রাত বাড়েনি,
রাত ছিল না…
ধবল রঙের বাতাস কেবল
পাখির ডাকের মতন ভাসে…
তারায় তারায় পুড়ছিল কে ?
হে সাবালক সারস, শোনো—
যেখানে হাত রেখেছি,
সেখানেই মায়ের মতো
মুখের দিকে না তাকিয়ে চলেই গেল …

