
মণিশংকর বিশ্বাস-এর কবিতা
কুসুম
আমার দৃষ্টিভঙ্গি তোমাকে বদলে দিচ্ছে। আমার সৌন্দর্য আদল ঢুকে পড়ছে তোমার ঈষৎ ঘাড় ঘুরিয়ে তাকানোয়। আমার ভালোলাগা তোমার দিকে হা-করে তাকিয়ে থেকে, তোমার মুখে একটা গ্লো এনে দিয়েছে। এসবের থেকে বড় কথা, আমি ভাবছি, তোমার কুশ্রী বোনটির সঙ্গে যদি দেখা হত তোমারও আগে, আলাপ-পরিচয় হত, আমি তো কিছুতেই ওকে ভালোবাসতে পারতাম না!
কুসুম, কুসুম তবে তো মন নয়, তোমার শরীরকেই মূলত মন বলে ভাবি!
লোকাল
অনেক বেশি রাতের দিকে রাত হল আজ।
নিয়ে এল এক অক্ষৌহিণী মনখারাপ
এ সময় বাগানে নক্ষত্রের টুকিটাকি ঝরে পড়ে
পুরনো দিনের গানের মতো তোমাকে শুনছি সমস্ত ইন্দ্রিয় দিয়ে।
তুমি কী শুনতে পাচ্ছ গাছের পাতা হারাবার শব্দ?
শুনতে পাচ্ছ এই অতিশয় মনখারাপ, রাত্রি চতুর্দশী,
মৃত এক নক্ষত্র ঘুরে চলেছে তোমাদের পোষা কুকুরের মতো!
উত্তর চব্বিশ পরগণার বুকের উপর দিয়ে চলে যাচ্ছে মহাজাগতিক বনগাঁ লোকাল

