
দুটো কবিতা সব্যসাচী মজুমদার
হঠাৎই আমার করুণা ঘটে
হঠাৎই আমার করুণা ঘটে।
ঘটেছে ইতর।
মাংস খাই …
দাবদাহের মাংসেও দোষ আছে জেনে
এই খাওয়া…
এই সড়ক যোজনার মতো সময়…
যেন একটা দ্বিরালাপ …
যার ভেতর পেরিয়ে আমি পৌঁছে যাই
কেবল মাটির মধ্যে।
যেখানে বাজায় বাঁশি
রাখাল শিশুরা,
গোসাপ হয়েছে,
কুকুরের বাচ্চা,
জলের মধ্যে সফল সারসেরা…
আর সমস্ত মানুষ একা একা
বন্ধ্যা হয়ে গেল…
যুদ্ধ এলে
যুদ্ধ এলে ময়না ডাকে অন্ধকার ভোরে…
যুদ্ধ এলে আমার দলিল তোমার হাতে ঘোরে
কে যে কাকে ঘোরাচ্ছে আর কে যে কাকে পোড়ায় !
যুদ্ধ আসে লাল বাতাসে, যুদ্ধ আসে ঘোড়ায় …
মানুষ কমে, শামুক বাড়ে, ডুকরে কাঁদে কে যে!
মরছি কেবল তোমার মতন একলা হরিণ সেজে…
শ্বাপদেরাই রাখল আমায় তোমার কাছে এনে
দিচ্ছ তুমি আমার হাতে অস্ত্রটি সব জেনে!
ছায়াই শুধু উথলিয়েছে আমার চোখের ওপর
যখন তোমার পা পড়েছে হিংস্র ও মন্থর
যুদ্ধ এলে আমার কেবল ঝলসে গেছে মুখ
এটাই তোমার গান হে প্রভু, এটাই তোমার সুখ…

