
বিবস্বান-এর কবিতা
ইন্টারভ্যুঃ
এই তো অপমান উছলে উঠবেই যখন তুমি হবে সু-দাবিদার
তোমার ভুল হবে, সবারই ভুল হয়, তুমিও ভুলে যাবে, কে অসহায়!
চাকরি পেতে গেলে চাকর হতে হবে লিখতে হবে বসে আত্মক্ষয়
চাটতে হবে জুতো নয়তো শুকতলা তোমার জিভে লাগা এ বিষ্ময়
এদিকে ঘণ্টাও অলিক বেজে ওঠে তোমার মনে আসে দিনের শেষ
এক দু পাত্রেই ঘেন্না গিলে খাও রক্তবমি করে দিবাবসান
তোমাকে শুনতেই হইবে এইকথা ফাঁকিতে ধরা আছে তোমার কাজ
ফাঁকির বই থেকে চারটি প্রশ্নকে ছুঁড়তে দাও যদি পরীক্ষক!
দেখবে তুমিও তো কিস্যু জানো না হে আমার রাত জাগা আমার ভোর
আমার ঘাম আর রক্ত লেগে আছে আমার সবকটা শব্দ-গায়
তোমার সাধ্য কী মুছিয়ে দেবে সেই ধুলোপথের গান অস্মিতায়
রক্তে শ্লোক জাগে আমার জাগরণে কে তুমি আটকাবে এই কলম
হারছে এই দেশ, নাগরিকত্বও, কে যেন বলবে সে যোগ্যতায়
একটু খাটো নয় ভোটার লিস্টিতে তবুও কাটা যায় ভোটাধিকার

