
সোনালী ঘোষ-এর কবিতা
সহজ পাঠ
১
প্রিয় ফুল তুমি
তবু বসন্ত নিল না তোমায় ডেকে
মুছে দিয়ে যাবতীয় চিহ্ন এখন এসেছ সাধু সঙ্গে,
একে নশ্বরতা বল? অভিমান প্রবল হলে বিষাদ নামে
অথচ ঈদকে চিনিলে শুধু চাঁদে। কে জানত প্রতিটি উপোসী
আসলে রিপু দোষে দুষ্ট। জলে অধিকার হলে, মীন দশা কাটে। তবে কেন এই প্রতারণা? কেন এই হারামিগিরি? অথচ বিবাহশূন্য রাতে স্তবকে ফুটে থাকে আদিশস্য আর পৃথিবীর পেটে ঈশ্বর…
২.
যে শঙ্খ বেজেছে বারবার,
আমি তার নিমন্ত্রণে, অতলের ঘুম
এনেছি কুড়িয়ে। দীর্ঘ ছায়াপথে
সহজ পাঠের গান এখন। যারা কাঁটা বনে উড়ে গেলো,
বিস্ময় রেখেছে কেবল নির্ভার
সূচি… অথচ সেই যে ধানচারা ফুটে ছিল
নেয় নি কেউ খবর
তাই বসে আছে স্তন খুলে
অর্ধেক সংকল্প তার পেরিয়েছে চৌহদ্দি
কেউ নেই
কেউ থাকে না চিরকাল
অভাব অভাব করেই কাছাকাছি আসা ,
এখন তুচ্ছ সব, শুধু চক্রের ঋণ পেয়েছে বৃদ্ধি…

