
সুপ্রভাত মুখোপাধ্যায়-এর কবিতা
রক্তমাখা শিব
ক্ষমতার খুদকুঁড়ো চেটে খাওয়া ছেলে
নিজেকে জিজ্ঞেস করো :জীবন কোথায় তুমি পেলে ?
সম্মান দাওনি যাকে , মাংসলোভী জীব
আত্মায় আগুন ধরতে আর কত দূর ?
জীবিতেরা তেড়েফুঁড়ে উঠবে সব রক্তমাখা শিব।
মন -মাঠ কাটাকুটি মুঠো ভর্তি ক্ষয়
শোনো বন্ধু, কবি বলেছেন : মূর্খ বড়ো, সামাজিক নয়।
স্রোত
হিংসা থেকে দূরে থাকে আমার কলম
রক্ত ঘামে মাখামাখি চারদিক যখন
তুমুল কিছুর মধ্যে একা নদী বয়ে যায় ঠিক
প্রকৃতি গভীর মনে অবিচল পৃষ্ঠা ধরে ধরে
সাজানো অক্ষর থেকে ঝরে পড়ে জল
জল
জল

