
তৃণা চক্রবর্তীর কবিতা
দুটি কবিতা
কীভাবে যেন এসে পড়েছি
মনে করো আমি এসেছি
অথবা তুমিও তো আসতেই পারো হঠাৎই
মনে করো দ্রাঘিমা পেরিয়ে এসেছ
পেরিয়ে এসেছ অনেকগুলো সমুদ্র-দিন
জলের ভিতর দিয়ে পেরিয়ে গিয়েছে সময়
বেশ অনেকটা সময়
তবু এসেছ কীভাবে যেন
স্বপ্নের ভিতর দিয়ে এসেছ হয়ত
ছুঁয়ে দিয়েছ পুরোনো বিস্ময়ে
ঘোরানো সিঁড়ির ওপর তেরছা রোদের দুপুর
বন্ধ সিনেমা হলের টিকিট নিয়ে এসেছ
সাদা গোলাপের ভিতর নীলচে যন্ত্রণা নিয়ে এসেছ
সমস্ত দরজা বন্ধ ছিল কবে থেকে
তবু কীভাবে যেন এসেছ
হয়ত স্বপ্নের ভিতর দিয়ে যাতায়াত সম্ভব
অথবা তুমি নও, হয়ত আমি এসেছি
নিজের পাশে চেয়ার টেনে বসে এই তো গান শুনছি
এই তো চা আনতে উঠে গেলাম ঘরের ভিতর
মনে করো দ্রাঘিমা পেরিয়ে এসেছি
জলের ভিতর দিয়ে পেরিয়ে গিয়েছে আমাদের সময়
তবু কীভাবে যেন এসেছি
কীভাবে যেন এসে পড়েছি আমি, আজ এইখানে
ছায়া পড়ে আছে ভেবে
দেখেছি কীভাবে সরে যায় মানুষের ছায়া
স্টেশন চত্তর থেকে দূরগামী ট্রেন
দেখেছি কীভাবে বলে দেওয়া কথাগুলো
পুরনো হয়ে যায় প্রতিদিন
দেখেছি দূরে যেতে হবে বলে কীভাবে কাছে আসে মানুষ
ছায়া পড়ে আছে ভেবে নিজেরই ভুলের পাশে
বসে থাকে স্বপ্নের ঘোরে দীর্ঘ সময়
দেখেছি সীমাহীন জলের পাশে পড়ে আছে কবিতার মায়া
শুধু যেতে যেতে তোমার চকিতে ফিরে দেখার রহস্য
সারাদিন ঘুরে ফিরে মনে পড়ে

