
একুশে ফেব্রুয়ারির কবিতা/ দেবাশিস দাশ
আবার এসেছে একুশ তারিখ
আবার ফেব্রুয়ারি
বাংলা কবিতা, বাংলা গানের
ভেতরে গড়েছি বাড়ি।
এই বসন্ত নির্বাচিতের
প্রতিশ্রুতির অর্ঘ্য!
ছায়ানট জুড়ে ঝলকে উঠুক
মানবিকতার খড়্গ।
ছিন্ন সেতার, ভাঙাচোরা রিড
হারমোনিয়াম গাইছে
মানভঞ্জনী নন্দিনী রাগ,
বুকে রঞ্জন চাই-যে!
ভালবাসা-ভরা প্রতিশোধ চাই
সোনালি ভাষার দিব্যি
ওরে মন, তুই প্রকৃতির মতো
সভ্যতা কবে শিখবি?
আবার এসেছে একুশ তারিখ
আবার ফেব্রুয়ারি
হাজার কণ্ঠে ধ্বনিত কবিতা
‘আমি কি ভুলতে পারি?…’
যতদিন ফোটে শিমুল পলাশ
ততদিন পাবে তুলনা,
মাতৃভাষায় ঝরা পাতাদের
শ্রদ্ধা জানাতে ভুলো না।

