
তুমি… অনুভা নাথ
শীতের মতো গভীর হও,ছুটি যেমন উচ্ছ্বল হয় তুমি তেমন হয়ো না।
তুমি বরং সেই গির্জার উঁচু ঘন্টার শব্দ হও, বিহানবেলার মতো নিবিড়,সাদাকালোর মতো আড়ম্বরহীন…
ভরাট খেত আর দাগহীন নদীতে
দেবদারু ছায়া জমায়।
চোখের দূরত্বে লেগে থাকে ব্যথাদের শ্লোগান-
শিশিরের শব্দে জেগে ওঠে অনন্ত সূর্য
মাটির মায়ায় লেপ্টে থাকে ঘাসফড়িং।
তুমি শ্রাবণের শোক জুড়ে নেমে এসো মাঠ-প্রান্তরে
শাদা মেঘ আর প্রেয়ার ফ্ল্যাগের মতো
পবিত্র হয়ো না।
বড্ড তীব্রতা আনে ওরা…
প্রেমের মতো নির্জন, রোদের মতো বিস্ময়
হও তুমি…

