
সায়ন রায় / ভাঙা সাইকেল
আমার কোনো ভাষা নেই, নেই কোনো শক্ত মাটি দাঁড়াবার
পায়ের নীচের বালি সরে সরে যায়, উপরে হিমশীতল জল
আমি মাকে খুঁজে বেড়াই, মায়ের গর্ভ খুঁজে বেড়াই
নিশ্চিন্ত আশ্রয়। পরম পবিত্র ঘুম।
বাবার হাত ধরে হেঁটে চলেছি দূর অজানায়
কী যে নির্ভরতা! আনন্দগান।
বাবা নেই, মা নেই। একা অসহায়।
আমার কোনো ভাষা নেই, নিদেনপক্ষে একটা ভাঙা সাইকেল
নানা রঙ ও মায়ায়, নানা গান ও কথায়
আমি তোমাকে খুঁজেছি, খুঁজেছি তোমার স্নেহভরা উষ্ণ আঁচল
অজস্র রূপ ও অরূপে, অজস্র তরঙ্গ ও ইশারায়
খুঁজছি…খুঁজছি… আমার আশকারা
একটা নিরাপদ স্থান, আনন্দগান, নিশ্চিন্ত ঘুম।

