
প্রত্যাশা/কৃষ্ণালক্ষ্মী সেন
অলস দুপুর। আবার ক্লান্তি ফিরে আসে।
সেসব সরিয়ে রেখে
দু’ চারটে কবিতা লিখব বলে বিছানায় উঠে বসলাম।
আমার জানালার ফাঁক দিয়ে যে গাছ দেখা যায়
তার শরীর থেকে হয়তো খসে পড়ল পাতা
সকালে রাধা বোষ্টমী এসেছিল অজয় নদ পার হয়ে
একতারা বাজিয়ে গান শুনিয়ে গেছে।
দূরে কোথায় মাইক বাজছে। বসে আঁকো প্রতিযোগিতা।
ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ হয়ে গেল আজ
মনে পড়ল, এক ঝোড়ো সন্ধ্যেয় চা খাওয়ার পর আমি দেওয়ালে পেরেক পুঁতেছিলাম আর অনেক ইতিহাস ঘেঁটে যত্ন করে টাঙিয়ে দিয়েছিলাম নেফারতিতির মুখ
ওই মুখের দিকে তাকিয়ে আমার নয় দশ বছর কেটে গিয়েছিল নির্বিঘ্নে
আহা, তখন কী আহাম্মক ছিলাম আমি
ভেবেছিলাম না চাইতেই পেয়ে যাব
বাংলা ভাষার মতো সুমিষ্ট জীবন।

