
ভাষা / সুদেষ্ণা মৈত্র
অসমাপ্ত বাক্যের থেকে দুটি শব্দ দূরে এসে দেখি পড়ে আছে পূর্বাভাস। তবে কি সবটা জড়ো করে, ধুনো দিয়ে সাজানো হঠাৎ? কিম্বা এরা ব্যবহৃত হয়ে, ঘৃণা হয়ে, উপশমহীন, আছড়ে পড়েছে বারবার। অতঃপর খুঁজে ফেরে নিঃস্ব, অপদার্থ কোনো ঘাস, যার গায়ে মুখ গুঁজে অনন্ত শুয়ে থাকা যায়?
বোকা সে হৃদয়। হাত ধুয়ে, রঙ মুছে, পরিপাটি ত্বক ঠেলে বেরনো জ্যোৎস্না, ভেলকি দেখানো সেই রাতে, চুপচাপ গুছিয়েছে বলার উপমা। হৃত দেহে রাখা হাত অভিজ্ঞতার ঢঙে কিছু কথা বলে থেমে আছে। আরো কিছু বলবে, এভাবে।
তখনই ফিরে এসেছি পথে, কথারা ছড়িয়ে আছে। বিচ্ছিন্ন। এখানে সেখানে। পাকা চোখে জুড়ে দিলে, ভালোবাসা সহজেই ঘৃণার আদল পেতে পারে।

