
শূন্যের ভিতর/ সরোজ দরবার
১)
শূন্যের ভিতর একটা রঙিন বল
সেই কবে থেকে পড়ে আছে;
ছোটবেলার মতো ঝোপ ভেঙে
কুড়িয়ে আনতে ইচ্ছে করে
ভয় হয়, জড়িয়ে পড়ি পাছে!
এখন রাস্তার ভিতর কাঁটা ঝোপ
এখন ঘামে আর সংশয়ে ফেরা
নিশ্চিত আত্মহনননের কাছে
শূন্যের ভিতর এক বিকেল রঙিন,
বল একখানা এখনও পড়ে আছে।
২)
অজুহাত কিছু কাচের গুঁড়ো
ভোরের স্বপ্নে তোমার মুখ-
সেই আগের মতোই
কম বয়সের, অস্থির
দু’কাপ চায়ের সকাল
নির্লজ্জ, ফুঁ দিয়ে দিয়ে
পোহাল যৌনসুখ
৩)
পাতার কাছে অচেনা যে গাছ
তার মতো দুখী মানুষ হয়ে ঘুরি
আমাকে কেটে, ফেলে রেখে
উঠে গেল তোমার ফ্ল্যাটবাড়ি।
৪)
ক্ষতর কোনও নাম দিইনি
ক্ষত আমার মাত্র এক সন্তান;
তাকে আমি খাওয়াই দাওয়াই
ঘুমপাড়ানি গান শোনাই, আর
কপাল জুড়ে ধ্যাবড়া করে
বিপদতারণ নজরটিপ আঁকি;
ক্ষতর গালে চুমো খেয়ে বলি
মা রে, বেঁচেবর্তে থাকিস।

