
তন্ময় ভট্টাচার্য-র কবিতাগুচ্ছ
কাম
যে-মুহূর্তে পাত হল, দূরত্ব বাড়ার শুরু সেই
বাকিটা সৌজন্যবোধ, থেকে-যাওয়া রেশ কিংবা
ক্লান্তির সপক্ষে কিছুক্ষণ…
সমাপ্তি জানার পরে, হাঁপ-ছাড়া রহস্যপাঠক
সম্ভাব্য
কী কী হতে পারত, তার তালিকা প্রস্তুত করে দেখি
সংখ্যাই লিখেছি শুধু। সারিবদ্ধ। পাশে-পাশে আরও
যা লেখা উচিত ছিল, ভুলে গেছি। অর্থাৎ এভাবে
যা-খুশি হওয়ার রাস্তা খোলা রইল। যদি হতে পারো,
কথা হবে। একসঙ্গে বসে ভাবব পরবর্তী কিছু।

