
ইলোরা ভট্টাচার্য-র কবিতাগুচ্ছ
দাম্পত্য
১
.
কাঠের বাড়িতে বৃষ্টি বারোমাস
বিকেল বেলার আনত রোদ্দুরে
তোমার গোলাপি বোতামে জাম্পারে
গ্রাফিতি লিখনে সহজ অনুবাদ।
২
.
তখন তোমার লেখার আয়োজন
নম্র চোখের আভাসে মোহ-মায়া
চপল পাইনে বাঁকানো আলো-ছায়া
সোনালী পাহাড় তোমার প্রিয়জন।
৩
.
খোলা জানালাতে মেঘেদের ঘরবাড়ি
দূরে কাছে যেন হাত দিয়ে ছুঁতে পারি
আমি মাঝে মাঝে মিছিমিছি রাগ করি
কুয়াশার ভিড়ে ভিজে যাচ্ছো যে ভারি!
৪
.
তুমি হেসে বলো ভাব-বিহবল চোখে
দিলোই না হয়! আমাদের এই ক্ষণে
কুয়াশা মাখুক স্বপ্ন-মদির হাওয়া
কোথাও তো আর নেই কোত্থাও যাওয়া।
৫
.
এ কথা বলেই লেখার টেবিলে পালক উড়ান দিলে
তোমার মনীষা লঘুপায়ে এসে দাঁড়ালো তোমার ঘরে
ছন্দে শব্দে নেমেছে সে তার দীঘল দীঘির জলে
বন্দনা স্তবে আহ্বান করো, আমার অঙ্গ জ্বলে।
৬
.
তখন আমারো রান্নাঘরেই কাজ
আমারো তখন কাঠের রেলিং জুড়ে
ভিজেছে কাপড় হঠাৎ বৃষ্টি ছাঁটে
সিক্ত হৃদয় শুকোতে দেওয়া আজ।
৭
.
তুমি লেখো, আমি দৃষ্টিতে বেঁধে রাখি
ছুঁতে গেলে যদি ওড়ে
সম্মোহনের পাখি
কাছে যাবো না তো, দূর থেকে দেবো ফিরে
নানা অছিলায় আদরের ভাষা পুরে।
৮
.
লেখার টেবিলে মোহন মেঘের ঝাঁপ
লেখার টেবিলে জমেছে চায়ের কাপ
তুমি কি জেনেছো মলিন দুখানা চোখে
ছোট্ট মানুষ অবুঝ স্বপ্ন আঁকে!
৯
.
নিরিবিলি ঘর কফিকাপে মাতোয়ারা
আমি ভরে দিই হৃদয়ের ভাঙাগড়া
প্লেটে আর নখে কি বিষম ঠোকাঠুকি
তোমায় ছুঁয়েছি অচ্যুত হবে নাকি!
১০
.
এমনই আমার ভাবনা ও দুর্মতি
কম্পিত সেকি প্রথম বারের রীতি!
আঙুলে আঙুল ঠেকেই গিয়েছে যদি
তোমার আগুনে আমি হয়ে যাই নদী।
১১
.
খাতায় কলমে সন্ধ্যা নেমেছে নীলে
ধূসর পাহাড়ে পলকে রঙের খেলা
হাতের তেলোয় লেখার ব্যথারা নামে
দিনের শিরায় রাতের রক্ত দোলা।
১২
.
ওমনি দুহাত বাড়িয়ে দিয়েছি হাতে
আঙুলে আঙুল পেঁচিয়ে ধরেছি তারই
শঙ্খচূড়ায় মিথুন মূর্তি ধরে
বিষে বিষ-ক্ষয় প্যাঁচ-পয়জার মারি।
১৩
.
তুমি যেন শিশু, ঘন হয়ে আসো গায়ে
ভেঙে যাই আমি, ফুল হয়ে ঝরি পায়ে
অনাবিল টানে কাছে রেখে দূরে রাখি
ভনিতা-মুকুল ছদ্ম-কপট ঢাকি।
১৪
.
মিছে রাগে বলি, অনেক তো হলো সেবা
এইবারে লেখো থেমেছিলে যেইখানে
মানসী এখন দশটা কুড়ির ট্রেনে
রাত্রি নেমেছে রাতের সরঞ্জামে।
১৫
.
শরীরে শরীর আগুন জ্বেলেছি দেখো
ঠোঁটের ভিতরে গোলাপ সুরভী ফোটে
জিভের কোরকে বিনিময় প্রথা ঘটে
কিছুটা ম্যাজিক আমিও শিখেছি, জানো!
১৬
.
বুকের সাথেই মিশিয়ে রেখেছি বুক
আলতো নিষেধে শ্বাসের গভীরে পিষে
ঘুমের বিরামে জড়িয়ে ধরেছো সুখ
এটুকুই বাঁচি বাকিটা কেবল মিছে।

